চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১), রাব্বি হোসেন (২৪) ও জাহিদ মিয়া। প্রথম দুজন চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর পৌর ওয়ার্ডের শ্রমিক কলোনি ও জামতলা এলাকার বাসিন্দা। অপরজনকে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি গ্রাম থেকে রোববার ভোরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে জাহিদ মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি স্বর্ণের চেইন, পাঁচটি ফিঙ্গার রিং, চার জোড়া কানের দুল, দুটি হাতের রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলেট। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ১৮ ভরি। এ ছাড়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) ভোরে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









