বিয়ের মাত্র এক বছর পেরোতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুজন ইসলাম (২২)। রংপুরে ট্রাকচাপায় তাঁর মর্মান্তিক মৃত্যুতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৩১ মিনিটের দিকে রংপুরের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকালে দেবীগঞ্জের সাদ্দামের মোড় এলাকার বাড়ি থেকে রংপুরের উদ্দেশে রওনা হন সুজন। দুপুরে হাজীপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। এতে তাঁর বুক ও হাতে আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার দৃশ্য এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
মরদেহের আইনি প্রক্রিয়া শেষে রংপুর কোতোয়ালি থানা থেকে তা গ্রহণ করেন পরিবারের সদস্যরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহ নিয়ে দেবীগঞ্জের বাড়িতে ফেরেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাড়ির পাশে সুজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সুজন স্মার্ট ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি চালুর সময় থেকেই তিনি সেখানে কাজ করতেন। কর্মদক্ষতা ও ভালো ব্যবহারের কারণে সহকর্মীদের কাছেও প্রিয় ছিলেন সুজন।
বিয়ের এক বছরের মাথায় স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর স্ত্রীর জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কাছে সুজনের স্মৃতি এখন শুধুই বেদনার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









