বাগেরহাটে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মো. ইদ্রিস আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইদ্রিস আলী শেখ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা ও হাশেম আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইদ্রিস আলীর ভাই সিদ্দিক শেখের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দিন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন বিরোধপূর্ণ পৈতৃক জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ সময় ইদ্রিস আলী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইদ্রিস আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইদ্রিস আলী গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









