ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কপিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা চাপা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কপিল মন্ডল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘারদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি ভাঙ্গা থেকে মুকসুদপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কপিল মন্ডলের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং মরদেহ ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জন মোহাম্মদ শামীম জানান, অজ্ঞাতনামা বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









