দেশে রাজনৈতিক সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। তিনি বলেছেন, ‘‘দেশকে অস্থিতিশীল করবেন না, সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে পতিত ও পলাতক ফ্যাসিবাদ, গুপ্ত সংগঠন এবং স্বাধীনতাবিরোধী চক্র লাভবান হবে।’’
রবিবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার চৌমুহনী রেলগেটে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হারুনুর রশিদ আজাদ বলেন, ‘‘আজকে সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। কিছু বিপথগামী ছাত্র ও গুপ্ত সংগঠন, যারা দীর্ঘ ১৬-১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে রাজনীতি করেছে, তারা পর্দার আড়াল থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করছে।’’
তিনি আরও বলেন, ‘‘ছাত্ররা বলছে, ‘শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছেন, তারেক রহমান কীভাবে লন্ডনে যাবেন, সেটা ঠিক করেন।’ এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে বিরত থাকুন। আমরা শুধু আমাদের নেতাকর্মীদের সংযত রাখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তার বক্তব্যে কখনো অশালীনতা প্রকাশ পায়নি। তিনি ঐক্য ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।’’
বিপথগামী ছাত্রদের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘‘আমরা দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা কাম্য নয়। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে কোনো অপশক্তি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে না পারে।’’
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এবং চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সালসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









