বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে। তারা নরসিংদীর মাধবদীতে ‘সোনার বাংলা’ ও রায়পুরা সমিতি দুটিকে লুটপাট করে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’’
রবিবার (৮ নভেম্বর) সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খায়রুল কবির খোকন।
তিনি বলেন, ‘‘আমরা দেশের সমবায় সমিতিগুলোকে সচল ও সক্রিয় করার লক্ষ্যে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি তৈরি করছি। একসময় এই সমিতির মাধ্যমে দেশের নিম্ন আয়ের মানুষ যেমন উপকৃত হতো, আগামী দিনেও তারা আবার পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা হাসান আল মামুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









