শিক্ষার মান উন্নয়ন ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন সেলিমুজ্জামান সেলিম। একই সঙ্গে তিনি মাদক ও জুয়ামুক্ত মুকসুদপুর–কাশিয়ানী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “একটি জাতির উন্নয়নের মূলভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার মান উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের সন্তানদের সুশিক্ষিত, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতেই হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, স্থানীয় সমস্যা, প্রশাসনিক সমন্বয় এবং জনসেবার মান বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।
নবনির্বাচিত সংসদ সদস্য দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, শিক্ষা, আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মুকসুদপুর-কাশিয়ানীতে একটি সুশৃঙ্খল ও উন্নয়নমুখী পরিবেশ গড়ে উঠবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









