পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শত বছরের পুরোনো কাইলান্তরি খাল দখল ও ভরাটের অভিযোগে ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। খালের বিভিন্ন স্থানে পাইলিং ও ভরাটের কারণে নৌ-চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে শত শত একর ফসলি জমির কৃষকসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন, কৃষিকাজ ও স্থানীয় যোগাযোগব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা যায়, পান স্বপনদের বাড়ি থেকে বয়াতী বাড়ি হয়ে বারানি খাল ও বেলুয়া নদী পর্যন্ত বিস্তৃত কাইলান্তরি খালটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বিভিন্ন স্থানে পাইলিং ও প্রতিবন্ধকতা সৃষ্টি করায় খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় কৃষক স্বপন জানান, উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসল নৌকায় করে বাজারে নিতে হয়। একইভাবে জমিতে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ পৌঁছানোর প্রধান মাধ্যম এই খাল। কিন্তু খালে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কৃষিকাজ ও ফসল পরিবহনে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে দুলাল মিয়া বলেন, খালটি সংকুচিত হয়ে পড়ায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে নৌপথে আনা-নেওয়া করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। দ্রুত খালটি দখল ও প্রতিবন্ধকতামুক্ত করা প্রয়োজন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, হারুন মিয়া খালের মুখসংলগ্ন কিছু জমি কেনার পর খালের মাঝখানে বড় বড় গাছ দিয়ে পাইলিং করেছেন। তাঁকে অনুসরণ করে খাইরুল ইসলাম ও নুরুল ইসলামও একইভাবে পাইলিং দিয়েছেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে।
তবে অভিযোগের বিষয়ে হারুন মিয়া বলেন, তিনি জমিটি কিনেছেন। মাপে কেনা জমির সীমানা অনুযায়ী জায়গা না পাওয়ায় পাইলিং দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যাবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. মিজানুর রহমান জুয়েল বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। আজ বেলা ১১টায় সরেজমিনে তদন্ত করে দেখব।’
এলাকাবাসীর দাবি, খালটির প্রকৃত সীমানা নির্ধারণ করে দখল ও ভরাটের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌ-চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শত বছরের ঐতিহ্যবাহী এই খাল পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনারের (ভূমি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একসময় কাইলান্তরি খালটির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। এতে কৃষিপণ্য পরিবহন, নৌ-যোগাযোগ ও এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









