সে বহুকাল আগের কথা। এক প্রত্যন্ত গ্রামে স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে বাস করত এক দরিদ্র কৃষক। নিজের বলতে দুটো হাত ছাড়া আর কিছুই ছিল না তার। পরের জমিতে কাজ করে কোনোরকমে সংসার চলত। কখনো দুবেলা খাবার জুটত, কখনো একবেলাও জুটত না।
বেশ ক'দিন হলো কৃষকের কোনো কাজকর্ম নেই! তাই টানা দুদিন তার ঘরের চুলোয় আগুন জ্বলেনি।মনের দুঃখে একদিন বাড়ির পাশের জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসে অঝোরে কাঁদতে লাগল কৃষক।
ঠিক সেই সময় আকাশপথে যাচ্ছিল এক নীলপরী। নিচে মানুষের কান্নার শব্দ শুনে সে মাটিতে নেমে এসে বলল, কৃষক, তুমি এভাবে কাঁদছ কেন? তোমার কী হয়েছে?
কৃষক চোখ মুছে তার দুঃখের কথা খুলে বলল। কৃষকের কথা শুনে নীলপরীর মনে দয়া হলো। সে কৃষককে দুটি পিতলের পাতিল দিয়ে বলল, এই পাতিল দুটি বাড়িতে নিয়ে যাও। একটি পাতিলে ‘ভাত’ বলে নাড়াচাড়া করলে সেটি ভাতে পূর্ণ হয়ে যাবে। আর অন্যটিতে ‘তরকারি’ বললে তরকারিতে ভরে যাবে। কৃষক আনন্দে পাতিল দুটি নিয়ে বাড়ির পথে রওনা হলো। কিন্তু জঙ্গলের পথ পেরোতেই তার দেখা হলো গ্রামের এক লোভী ও ধূর্ত কাঠুরের সঙ্গে।
কাঠুরে জিজ্ঞেস করল, আরে ভাই কৃষক! পাতিল নিয়ে কোথায় যাচ্ছ?
সরল কৃষক কাঠুরের কাছে পাতিল দুটির সব রহস্য বলে ফেলল। কাঠুরের চোখ চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, ‘এমন জিনিস যদি আমার হাতে থাকে, তাহলে আর কোনো দিন কাঠ কাটতে হবে না!’
সে মিষ্টি হেসে বলল,—তুমি তো আমার প্রতিবেশী! আমার বাড়ির পাশ দিয়ে এভাবে চলে যাবে, তা কি কখনও হয়? এসো, একটু জিরিয়ে যাও।কাঠুরে কৃষককে বাড়িতে নিয়ে নানা কথায় ব্যস্ত রাখল। সেই সুযোগে আসল পাতিল দুটি সরিয়ে রেখে একই রকম দেখতে দুটি সাধারণ পাতিল সেখানে রেখে দিল।
কিছুই বুঝতে না পেরে কৃষক গল্প শেষে পাতিল দুটি নিয়ে বাড়ি ফিরে এল। স্ত্রীকে সব কথা বলে একটি পাতিল হাতে নিয়ে বলল,—ভাত!
কিন্তু পাতিলটি খালি রইল। অন্যটি নিয়ে বলল,—তরকারি!
সেটিও খালি পড়ে রইল। কৃষক হতভম্ব হয়ে গেল।পরদিনও চেষ্টা করে কোনো ফল হলো না। মনের দুঃখে সে আবার জঙ্গলে গিয়ে কাঁদতে লাগল। নীলপরী এসে সব ঘটনা শুনে তাকে একটি সাদা পাথর দিয়ে বলল, এই পাথরটি মুঠোয় রেখে টাকা-পয়সা, সোনাদানা—যা চাইবে, তাই পাবে। তবে এই পাথরের রহস্য কাউকে বলবেনা
কৃষক পাথরটি নিয়ে বাড়ির পথে রওনা হলো। কিন্তু কিছুদূর যেতেই আবার সেই কাঠুরের সঙ্গে দেখা। কৃষক এবারও সরল মনে পাথরের কথা বলে ফেলল।
কাঠুরে আগের মতোই তাকে বাড়িতে নিয়ে গেল এবং সুযোগ বুঝে আসল পাথরের বদলে একটি সাধারণ পাথর দিয়ে দিল। বাড়িতে ফিরে কৃষক পাথরটি হাতে নিয়ে টাকা-পয়সা চাইতে লাগল। কিন্তু কিছুই হলো না। কৃষকের বউ মনের দুঃখে বলল অভাবের তাড়নায় তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই যখন যা ইচ্ছে তাই করছ।
নিরুপায় হয়ে কৃষক আবার জঙ্গলে গিয়ে কাঁদতে লাগল।তার কান্নার আওয়াজ শুনে নীলপরী আবার এগিয়ে এলো কৃষক সব ঘটনা খুলে বলল। নীলপরী কিছুক্ষণ চুপ থেকে বলল,—তোমার সরলতার সুযোগ নিয়ে কাঠুরে তোমাকে বারবার ঠকিয়েছে। যা তুমি বুঝতে পারমি!এবার তোমাকে একটি রশি দিচ্ছি। কাঠুরেকে বলবে, ‘এই রশি দুই হাতে টানলে আমাকে আকাশে উড়িয়ে নিয়ে যাবে।লোভী কাঠুরে রশিটি নেওয়ার পর তুমি বাড়ি চলে যেও না। আড়ালে লুকিয়ে থেকে দেখবে, সে কী করে।কৃষক নীলপরীর কথা মতো কাঠুরের বাড়িতে গিয়ে বলল, ও কাঠুরে ভাই কেমন আছো?
কৃষককে দেখে কাঠুরে পিঁড়ি এগিয়ে দিয়ে বলল বসো ভাই। কোথায় গিয়েছিল?
কৃষক - জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই।
কাঠুরে - বেশ করেছো,
কৃষক - ও ভাই কাঠুরে তোমার জন্য এমন একটি জিনিস এনেছি, যা দিয়ে তুমি আকাশে উড়তে পারবে!
কাঠুরের খুশিতে আত্মহারা হয়ে উঠল।
সত্যি? কী সেই জিনিস?
কৃষক রশিটি দিয়ে বলল,
এই রশি দুই হাতে ধরে টান দিলে তুমি আকাশে উড়তে পারবে। কাঠুরে আর দেরি করল না। সে রশিটি কৃষকের কাছ থেকে নিল। কৃষকও কিছু না বোঝার ভান করে চলে গেল এবং একটু দূরে গিয়ে আড়ালে লুকিয়ে রইল।
কাঠুরে বাড়ির উঠোনে গিয়ে রশিটি দুই হাতে ধরে বলল,
রশি, আমাকে আকাশে উড়িয়ে নিয়ে চলো!
অমনি রশিটি সাপের মতো পাক খেয়ে তার গলায় শক্ত করে পেঁচিয়ে গেল। কাঠুরে ছটফট করতে করতে চিৎকার করে বলল,—বাঁচাও! আমাকে বাঁচাও!
কৃষক আড়াল থেকে বেরিয়ে এসে বলল, কী হলো ভাই কাঠুরে? আকাশে উড়তে পারছো না?
কাঠুরে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে বাঁচাও! আমি আর কখনো তোমাকে ঠকাব না। লোভের বশে তোমার দেওয়া পাতিল ও পাথর চুরি করেছি। তোমার সরলতার সুযোগ নিয়েছি। আমাকে ক্ষমা করো ভাই ।
কৃষক বলল, তুমি অন্যায় করেছ, কিন্তু তোমার এই অবস্থা দেখে তোমাকে শাস্তি দিতে চাই না। কথা দাও, আর কখনো লোভের বশে কাউকে ঠকাবে না।
কাঠুরে কাঁদতে কাঁদতে বলল, কথা দিচ্ছি। আজ থেকে আমি সৎভাবে পরিশ্রম করে জীবন কাটাব।
কৃষক তখন রশিটি খুলে দিল। কাঠুরে তার চুরি করা পাতিল ও পাথর ফিরিয়ে দিল এবং কৃষকের কাছে ক্ষমা চাইল।
এরপর কৃষক জাদুর পাতিল ও পাথরের সাহায্যে নিজের অভাব দূর করল। তবে সে কখনো অহংকার করেনি; বরং গ্রামের দরিদ্র মানুষকে সাহায্য করত। আর কাঠুরে লোভ ছেড়ে সৎভাবে পরিশ্রম করে জীবন কাটাতে লাগল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









