পাঁচ দিনের প্রাণবন্ত আয়োজন শেষে পর্দা নেমেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যতিক্রমী বইমেলার। শেষ দিনে মেলাপ্রাঙ্গণে ছিল পাঠক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। বইয়ের পাতা ওলটানো, পছন্দের বই কেনা, পিঠার স্বাদ নেওয়া আর মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠার মধ্য দিয়ে শেষ সময়টুকু উপভোগ করছেন নানা বয়সী মানুষ।
রোববার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল গত ৪ নভেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী ওই বইমেলার। শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত ওই মেলায় শুরু থেকেই ছিল দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। প্রায় ২০টি স্টল ও প্যাভিলিয়নে বইয়ের পাশাপাশি স্থান পায় পিঠা, চারুকলা, হস্তশিল্প ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী নানা উপকরণ। প্রতিদিন মেলার উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয়েছে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর নানা আয়োজন। এতে অংশ নিয়েছেন সৈয়দপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেলায় ঘুরতে আসা রিয়া, অন্নতা ও রাশেদসহ কয়েকজন দর্শনার্থী বলেন, সৈয়দপুর শহরে বিনোদনের জায়গা তুলনামূলক কম। এ মেলা আমাদের জন্য বই পড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড উপভোগের দারুণ সুযোগ তৈরি করেছে। প্রতিদিনই মেলায় এসেছি। বিভিন্ন স্টল ঘুরে বই দেখেছি, পছন্দের বই কিনেছি। পাশাপাশি মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেছি। এমন আয়োজন সত্যিই অসাধারণ। মেলা শেষ হয়ে যাওয়ায়, বিষয়টি ভাবতেই খারাপ লাগছে।
মেলার আয়োজন ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন সৈয়দপুর সেনানিবাসের ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার ও শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান। তিনি বলেন, চমৎকার একটি মেলার আয়োজন ছিল এটি। এমন আয়োজন প্রতিবছরই করতে চাই আমরা। তিনি মেলায় বিভিন্ন প্রকাশনের প্যাভিলিয়ন, স্টল পরিদর্শন করেন এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যেন নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই এ বইমেলার আয়োজন। এবারই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি সবার জন্য উম্মুক্ত রাখি। মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। এতে আমরা আনন্দিত ও উৎসাহিত।
মেলায় অংশ নেওয়া প্রথমা প্রকাশনের প্যাভিলিয়ন ও প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মমতাজ বেগম বলেন, পাঁচ দিনের মেলাটি শেষ হয়েছে। পুরো সময়জুড়েই প্যাভিলিয়নে পাঠকদের বেশ ভালো উপস্থিতি ছিল। আশানুরূপ বই বিক্রিও হয়েছে। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। মেলা আয়োজনে সহযোগিতার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বইকে ঘিরে পাঠক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৈয়দপুরে নতুন এক সাংস্কৃতিক আবহ তৈরি করেছে এ আয়োজন। মেলার পর্দা নামলেও বই পড়ার আগ্রহ ও সাংস্কৃতিক চর্চার এ স্মৃতি দর্শনার্থীদের মনে থেকে যাবে, এমনটাই প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









