ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়া গ্রামের আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সুমাইয়া। অটোরিকশাটি নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সুমাইয়া অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্তি নাথ দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুমাইয়ার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর এমন অকাল মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









