সিলেট টেস্টের পঞ্চম দিনে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। অন্য প্রান্তে তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটিংয়ে এসেছে শতরানের জুটি। একই দিনে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
মুশফিকুর রহিম বহুদিন ধরেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক। এবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার টেস্ট রান পূর্ণ করেছেন তিনি। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে তার সংগ্রহে ছিল ৬ হাজার ৯৮৯ রান। জোমেল ওয়ারিক্যানের করা ২২তম ওভারের পঞ্চম বলে দুই রান নিয়ে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও ছিল মুশফিকের দখলে। তবে এই ম্যাচেই ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন তাওহিদ হৃদয়। মজার বিষয়, মুশফিকের ৭ হাজার রানের মাইলফলক স্পর্শের সময় অপর প্রান্তে ছিলেন হৃদয়।
সতীর্থের রেকর্ড ভাঙায় মনঃক্ষুণ্ণ নন মুশফিক। বরং হৃদয়ের কীর্তি সরাসরি ড্রেসিংরুম থেকে দেখতে পারাকে নিজের সৌভাগ্য বলে মনে করেন তিনি। তার মতে, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর সেই রেকর্ডভাঙা ইনিংস দলের জয়ে ভূমিকা রাখলে আনন্দ আরও বেড়ে যায়।
এদিকে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর দ্রুত বিদায়ের পর মুশফিক ও হৃদয় দলের হাল ধরেন। ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১৭ রান। তখন হৃদয় ৮২ বলে পাঁচ চারে ৫২ এবং মুশফিক ৬৯ বলে দুই চারে ২৫ রানে ব্যাট করছিলেন।
পরে তাদের জুটি শতরান পূর্ণ করে। ৪৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৪৩ রান। হৃদয় ১১৩ বলে সাত চারে ৭০ এবং মুশফিক ৮৬ বলে তিন চারে ৩৩ রানে অপরাজিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









