নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজশাহীতে মোটরসাইকেল র্যালি ও পথসভা করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে রাজশাহীর পবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
রাজশাহী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আল-আমিনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে পথসভায় তারা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান।
পথসভায় ছাত্রদলের নেতারা বলেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, তা তারা চান না। বিভ্রান্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারা এ কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব শামীম হোসেন, নওহাটা ছাত্রদলের সদস্যসচিব আহমেদ বিশ্বাস, দাউকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









