লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার শিকার হয়েছে পুলিশের গাড়িও। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসার পথে আমতলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও চালককে আটক করেন পাঁচ ব্যক্তি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সংশ্লিষ্টদের ধাওয়া করেন। এ সময় অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) ও বড়বাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করা হয়। অন্য চারজন পালিয়ে যান।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ আটক দুজনকে থানায় নিতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার দাবি জানিয়ে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় সদর থানার এসআই এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন ও এক নারী পুলিশ সদস্য আহত হন।
আটক রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অপর আটক অটোরিকশাচালক এরশাদুল হকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামে। তিনি নুর মোহাম্মদের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় হতে পারে। বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









