ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসির উদ্দীন নাসির বলেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে সাদিক কায়েমের সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনের প্রচেষ্টায় ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, ছাত্রলীগের সঙ্গে অতীতের সেই সম্পর্কের কারণেই হয়তো সাদিক কায়েম বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই।
সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নাসির বলেন, তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে কাজে লাগিয়ে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।
তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে নাসির উদ্দীন নাসির বলেন, শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









