রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝালকাঠিতে চার শতকের ঐতিহ্য ‘পাকা মসজিদ’ ধ্বংসের ঝুঁকিতে

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

ঝালকাঠিতে চার শতকের ঐতিহ্য ‘পাকা মসজিদ’ ধ্বংসের ঝুঁকিতে

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক ‘পাকা মসজিদ’ আজ সংরক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়কের গালুয়া বাজার থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি স্থানীয় মুসল্লিদের কাছে শুধু ইবাদতের স্থানই নয়, বরং এলাকার ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সাক্ষ্য।

স্থানীয়দের ধারণা, প্রায় ৪০০ বছর আগে মুঘল আমলে নির্মিত হয় এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ। এর নির্মাণশৈলীতে প্রাচীন বাংলার সুলতানি ও মুঘল স্থাপত্যরীতির স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। পাকা ইট ও চুন-সুরকির গাঁথুনিতে নির্মিত দেয়াল, খোদাইকৃত নকশা ও ইসলামিক কারুকাজ অতীতের স্থাপত্য ঐতিহ্যের উৎকর্ষের পরিচয় বহন করে।

লোকমুখে প্রচলিত আছে, মাহমুদ খান আকন (মামুজি) নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি বাংলা ১১২২ সাল থেকে মসজিদটির দেখাশোনা করতেন। মসজিদের নিকটবর্তী একটি পরিত্যক্ত শিলালিপি থেকেও এর প্রাচীনত্বের আভাস পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্বাধীনতার পূর্বে মসজিদটি প্রায় ধ্বংসের মুখে পড়লে স্থানীয় এক সমাজহিতৈষীর উদ্যোগে আংশিক সংস্কার করা হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে সরকারি অর্থায়নে কিছু সংস্কার কার্যক্রম পরিচালনা করে।

তবে বর্তমানে মসজিদটির প্রাচীর ও গম্বুজে শ্যাওলা জমেছে, ইটের গাঁথুনি দুর্বল হয়ে পড়েছে এবং কাঠামোর বিভিন্ন অংশে নোনাধরা দাগ স্পষ্ট। দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় স্থাপনাটি আবারও ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিদিন বহু ইতিহাসপ্রেমী ও দর্শনার্থী এই প্রাচীন নিদর্শনটি দেখতে আসেন। জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ এখানে নিয়মিত আদায় করা হয়; রমজান ও ঈদে মুসল্লিদের ভিড়ও চোখে পড়ে। 

স্থানীয় সচেতন মহল দ্রুত টেকসই সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রমের দাবি জানিয়েছেন, যাতে চার শতকের এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.