ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইজিবাইক,সিএনজি থেকে সকল ধরনের জিপি ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। এর ফলে নান্দাইল উপজেলায় কোন ধরনের চাঁদাবাজি হলে প্রশাসন কঠোরভাবে প্রদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। এদিকে ইজিবাইক
,সিএনজি থেকে জিপি ও চাঁদা বন্ধের খবর পেয়ে চালকরা স্বস্তি বোধ করছেন।
গতকাল মঙ্গলবার বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও নান্দাইল উপজেলার অন্তর্ভুক্ত এলাকা থেকে সকল প্রকার জিপি ও চাঁদাবাজি বন্ধের মাইকিং করে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ। ফলে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে নান্দাইলে ইজিবাইক,সিএনজি থেকে জিপি ও চাঁদাবাজি বন্ধ রয়েছে। এছাড়াও নান্দাইল পৌরসভার ইজারাকৃত নান্দাইল পুরাতন বাজার সিএনজি স্ট্যান্ড, নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ড, হাসপাতাল মোড় খাদ্য গুদাম অটো স্ট্যান্ড ও নান্দাইল মোরগ মহাল অটো স্ট্যান্ডের ১৪৩৩ সনের ইজারা বাতিল করেছে নান্দাইল পৌরসভা।
জানা গেছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইজিবাইক,সিএনজি চালকদের সুবিধার্থে মহাসড়কে জিপি ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দেন।
ইজিবাইক চালক মো. সুজন মিয়া বলেন- জিপি বন্ধ হওয়াতে আমাদের সকল ড্রাইভাররা খুশি। ইজিবাইক নিয়ে নান্দাইল এসে জিপি দেওয়াটা খুবই বিব্রত লাগতো। যারা জিপি নিত তারা অনেক সময় খারাপ ব্যবহার করতো। প্রতিমন্ত্রী জিপি বন্ধ করেছে আমরা সবাই উনার প্রতি সন্তুষ্ট।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান-মহাসড়কে নানান রকম চাঁদাবাজি হয়। চাঁদাবাজি যাতে না হয় সে ব্যাপারে মাইকিং করে জনগণ কে অবহিত করা হয়েছে৷
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন- কর্তৃপক্ষের নির্দেশে নান্দাইল পৌরসভার ৪ টি স্ট্যান্ডের ইজারা বাতিল ও উপজেলায় সকল ধরনের চাঁদাবাজি ও জিপি বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন- জিপি ও চাঁদাবাজি বন্ধে নির্বাচনের আগে ইজিবাইক,সিএনজি ও টেম্পু চালকদের জিপি ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলো বাস্তবতায়ন করা হচ্ছে। একটি আধুনিক চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাস মুক্ত নান্দাইল গড়ে তোলা এখন জনগণের দাবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









