কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর গবেষণাগারের বিষয় নয়; এটি আমাদের শিক্ষা, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনে এক অভাবনীয় বিপ্লব ঘটাচ্ছে। তরুণ প্রজন্মের সামনে এআই যেমন সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে, তেমনি ছুড়ে দিয়েছে কঠিন চ্যালেঞ্জ। ২০২৬ সালের বাস্তবতা বলছে, এআইকে উপেক্ষা করে ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ আর নেই। স্ট্যানফোর্ড ইনস্টিটিউটের ২০২৬ সালের রিপোর্ট অনুসারে, ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী এখন পড়াশোনায় এআই ব্যবহার করছে। অর্থাৎ, নতুন প্রজন্ম ইতোমধ্যে এই প্রযুক্তির সাথে পথচলা শুরু করেছে। তবে, মূল প্রশ্ন হলো- তারা কি কেবল সাধারণ ব্যবহারকারী হয়েই থাকবে, নাকি একে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়িয়ে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে?
এআই বিপ্লব: আতঙ্ক নয়, বাস্তবতা বোঝা জরুরি
এআই নিয়ে সবচেয়ে বড় দুটি ধারণা হলো- ‘এআই সব চাকরি নিয়ে নেবে’ অথবা ‘এআই শুধু প্রযুক্তিবিদদের বিষয়’। দুটিই অসম্পূর্ণ ধারণা। বাস্তবে এআই কিছু কাজকে স্বয়ংক্রিয় করবে, কিছু চাকরির ধরন সংকুচিত করবে এবং একই সঙ্গে নতুন কাজ ও পেশার সুযোগ তৈরি করবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫’ বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রায় ১৭ কোটি নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, বিপরীতে ৯ কোটি ২০ লাখ চাকরি স্থানচ্যুত হতে পারে। অর্থাৎ নিট হিসাবে প্রায় ৭ কোটি ৮০ লাখ নতুন কাজের সম্ভাবনা রয়েছে। তবে, মোট চাকরির প্রায় ২২ শতাংশ কোনো না কোনোভাবে পরিবর্তনের মুখে পড়তে পারে। তাই তরুণদের জন্য মূল প্রশ্ন ‘এআই চাকরি নেবে কিনা’ নয়; বরং এআইয়ের যুগে কোন দক্ষতার মানুষের চাহিদা বাড়বে- সেটি বোঝা।
তরুণদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান
বিশ্বজুড়েই তরুণদের কর্মসংস্থান এখন একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২৬ সালের তথ্য অনুসারে, ২০২৫ সালে ১৫-২৪ বছর বয়সী তরুণদের বৈশ্বিক বেকারত্বের হার ১২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে- প্রায় ৬ কোটি ৭০ লাখ তরুণ কর্মহীন। একই সময়ে কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণের সংখ্যা ২৫ কোটি ৭০ লাখের বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার, যা ভবিষ্যতের কর্মজগতের ধরন ও প্রয়োজনীয় দক্ষতায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এআইয়ের দ্রুত অগ্রগতি ও শ্রমবাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিবর্তিত এই কর্মজগতে টিকে থাকতে তরুণদের প্রাতিষ্ঠানিক সনদের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তা ও নিজেদের প্রতিনিয়ত মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
ডিগ্রির পাশাপাশি দক্ষতার গুরুত্ব বাড়ছে
আগামী দিনের কর্মবাজারে শুধু সার্টিফিকেট নয়, বাস্তব দক্ষতার মূল্যই প্রধান হয়ে উঠবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫’-এর তথ্য অনুসারে, ২০৩০ সালের মধ্যে বর্তমান চাকরিগুলোতে প্রয়োজনীয় দক্ষতার প্রায় ৩৯ শতাংশ পরিবর্তিত হতে পারে। এআইয়ের যুগে তরুণদের জানতে হবে, কীভাবে সঠিক তথ্য খুঁজতে ও বিশ্লেষণ করতে হয়, জটিল সমস্যার সমাধান করতে হয় এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হয়।
এই পরিবর্তিত সময়ে টিকে থাকতে ডেটা বিশ্লেষণ, প্রোগ্রামিং, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মার্কেটিং, অটোমেশন, কনটেন্ট তৈরি ও এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহারের মতো কারিগরি দক্ষতার যেমন বিকল্প নেই; তেমনি সৃজনশীল চিন্তা, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মতো মানবিক দক্ষতার গুরুত্বও সমানভাবে বাড়ছে। অর্থাৎ, ভবিষ্যতের সফল তরুণ হবে সে-ই, যে প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে মানবিক দক্ষতার একটি চমৎকার সমন্বয় ঘটাতে পারবে।
এআইকে ব্যবহার করতে হবে, এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। এআই একজন তরুণকে দ্রুত তথ্য সংগ্রহ, লেখা, অনুবাদ, উপস্থাপনা, কোডিং, গবেষণার ধারণা তৈরি করে কিংবা নতুন কিছু শেখায় দারুণভাবে সহায়তা করতে পারে। কিন্তু এআইয়ের তৈরি উত্তরকে যাচাই না করে সত্য বলে ধরে নেওয়া বিপজ্জনক। কারণ, এআই অনেক সময় ভুল বা পক্ষপাতদুষ্ট তথ্য দিতে পারে এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে কাল্পনিক বা ভুল উত্তরও উপস্থাপন করতে পারে। তাই ডিজিটাল প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা। একজন শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট যদি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি হয়, তাহলে সে হয়ত একটি ভালো লেখা জমা দিতে পারবে; কিন্তু তার নিজের চিন্তাশক্তি, বিশ্লেষণক্ষমতা ও সৃজনশীলতা বিকশিত হবে না। তাই এআইকে ‘বিকল্প মস্তিষ্ক’ নয়, বরং নিজের কাজের ‘সহকারী’ হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
শিক্ষা ব্যবস্থায় আসতে হবে বড় পরিবর্তন
এআইয়ের যুগে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও নতুনভাবে প্রস্তুত হতে হবে। শিক্ষা ও গবেষণায় জেনারেটিভ এআই ব্যবহারের ক্ষেত্রে ইউনেস্কোর নির্দেশনায় মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই পরিবর্তন জরুরি। সরকারের প্রস্তাবিত জাতীয় এআই নীতি ২০২৬-২০৩০-এর খসড়াতেও স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। তবে, শুধু পাঠ্যবইয়ে এআই অধ্যায় যুক্ত করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের শেখাতে হবে এআইয়ের কার্যপদ্ধতি, এর সীমাবদ্ধতা এবং তথ্যের সত্যতা যাচাইয়ের কৌশল। একই সঙ্গে, এআই শিক্ষার সুযোগ যেন শুধু শহরকেন্দ্রিক না হয়, সেদিকেও নজর দিতে হবে। গ্রাম ও শহরের প্রযুক্তিগত বৈষম্য কমিয়ে প্রান্তিক তরুণদের কাছে এই শিক্ষার আলো পৌঁছে দেওয়া রাষ্ট্রের একটি বড় দায়িত্ব।
বাংলাদেশের তরুণদের সামনে বড় সুযোগ
বাংলাদেশের জন্য এআই শুধু চ্যালেঞ্জ নয়, অর্থনৈতিক রূপান্তরের এক বিশাল সুযোগ। সরকারি তথ্যমতে, প্রতিবছর দেশে প্রায় ২২ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে যদি এআই, ডেটা সায়েন্স, প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক ক্ষেত্রে দক্ষ করে তোলা যায়, তবে বাংলাদেশ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে অত্যন্ত শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। বিশেষ করে, আমাদের তৈরী পোশাক, কৃষি, ব্যাংকিং, স্বাস্থ্য ও ই-কমার্স খাতে এআই প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এমনকি তরুণ উদ্যোক্তারা স্থানীয় নানা সমস্যা সমাধানের জন্য বাংলা ভাষাভিত্তিক বিভিন্ন এআই সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে নতুন দিগন্তের সূচনা করতে পারেন।
প্রযুক্তির সঙ্গে নৈতিকতার প্রশ্নও জরুরি
এআই যত শক্তিশালী হচ্ছে, এর নৈতিক ব্যবহারের প্রশ্নটিও ততটা গুরুত্ব পাচ্ছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, ডিপফেক (ভুয়া ছবি ও ভিডিও), কপিরাইট লঙ্ঘন, অনলাইন প্রতারণা এবং অ্যালগরিদমিক পক্ষপাতের মতো ঝুঁকিগুলো সম্পর্কে তরুণদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে, ফ্রি এআই টুল ব্যবহারে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। একজন প্রকৃত ডিজিটাল নাগরিককে অবশ্যই জানতে হবে কোন তথ্যের ব্যবহার বৈধ, কোনটি শেয়ার করা দায়িত্বশীল এবং প্রযুক্তি কীভাবে অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে ব্যবহার করা যায়। তাই এআই শিক্ষার সঙ্গে নীতিবোধ ও নাগরিক দায়িত্বশীলতার মেলবন্ধন ঘটানো আজ সময়ের দাবি।
তরুণদের এখন কী করা উচিত?
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন যুগে তরুণদের শুধু দর্শক হয়ে থাকলে চলবে না, বরং নিজেদের পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে প্রস্তুত করতে হবে। এই নতুন বাস্তবতায় নিজেদের দক্ষ করে তুলতে তরুণদের মূলত কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি
প্রথমত: এআইকে ভয় না পেয়ে একে নিয়মিত ব্যবহার ও শেখার অভ্যাস গড়ে তুলতে হবে।
দ্বিতীয়ত: শুধু একটি নির্দিষ্ট টুলের ওপর নির্ভর না করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির কার্যকারিতা বুঝতে হবে।
তৃতীয়: নিজের পছন্দের বিষয়ে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি ‘এআই লিটারেসি’ বা এআই সাক্ষরতা বাড়াতে হবে।
চতুর্থত: বাস্তব কাজের অভিজ্ঞতা ও পোর্টফোলিও তৈরিতে জোর দিতে হবে। কারণ, ভবিষ্যতের নিয়োগকর্তারা শুধু আপনার ‘সনদ’ দেখবেন না, বরং ‘কী করতে পারেন’ সেটিই যাচাই করবেন।
পঞ্চমত: মনে রাখতে হবে- এআই কেবল পরামর্শ দেবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ও তার দায়িত্ব মানুষ হিসেবে আপনাকেই নিতে হবে।
ষষ্ঠত: শেখার প্রক্রিয়া কখনোই থামানো যাবে না। কারণ, বর্তমান যুগে একবারের প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে পুরো কর্মজীবন পার করার ধারণা ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে।
সর্বোপরি, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প হবে কিনা- এই বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষ কীভাবে এআইকে নিজের সক্ষমতা ও সম্ভাবনা বিকাশের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।
বাংলাদেশের তরুণদের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে- তারা চাইলে শুধু এআইয়ের সাধারণ ব্যবহারকারী হয়ে থাকতে পারে, আবার চাইলে এই প্রযুক্তিনির্ভর নতুন অর্থনীতির নির্মাতাও হতে পারে। মূলত ভবিষ্যৎ সেই তরুণদেরই, যারা প্রযুক্তির সঙ্গে মানবিকতা, জ্ঞানের সঙ্গে নৈতিকতা এবং দক্ষতার সঙ্গে সৃজনশীলতার সমন্বয় ঘটাতে পারবে। পরিশেষে মনে রাখা জরুরি, এআই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না; বরং আমরা কীভাবে এআইকে ব্যবহার করব, সেটিই আমাদের ভবিষ্যৎকে রূপ দেবে। তাই নতুন এই পথচলায় তরুণদের সবচেয়ে বড় শক্তি হবে- শেখার অবিরাম আগ্রহ, প্রশ্ন করার সাহস এবং প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে কাজে লাগানোর সক্ষমতা।
লেখক : প্রভাষক ও কলামিস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









