উন্নয়নের জন্য ঋণ গ্রহণ অস্বাভাবিক কিছু নয়। বিশ্বের অনেক দেশই অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদেশি ঋণের সহায়তা নিয়ে থাকে। কিন্তু ঋণ তখনই উন্নয়নের হাতিয়ার হয়ে ওঠে, যখন তা অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ায় এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতা তৈরি করে। অন্যথায় আজকের উন্নয়নের ব্যয় মেটাতে নেওয়া ঋণই আগামী দিনের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের বিদেশি ঋণের ক্রমবর্ধমান চিত্র সেই আশঙ্কাকেই সামনে নিয়ে এসেছে।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬ অনুসারে, গত এক দশকে বাংলাদেশের বিদেশি ঋণের স্থিতি প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৫ সালে এই ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার, যা ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলারে। ঋণের এই দ্রুত বৃদ্ধি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গভীরভাবে ভাবার তাগিদ দিচ্ছে।
বিদেশি ঋণ নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা দোষের নয়। বরং সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও যথাযথ বিনিয়োগের মাধ্যমে বিদেশি ঋণ একটি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র, বন্দর ও যোগাযোগ অবকাঠামো নির্মাণে বিদেশি অর্থায়নের প্রয়োজনীয়তা রয়েছে।
তবে, ঋণ গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা হওয়া উচিত, সেই অর্থের বিনিয়োগ থেকে কতটা অর্থনৈতিক সুফল পাওয়া যাবে। ঋণের অর্থে নির্মিত প্রকল্প যদি প্রত্যাশিত উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও আয় সৃষ্টি করতে না পারে, তাহলে তার কিস্তি ও সুদ পরিশোধের দায় শেষ পর্যন্ত রাষ্ট্রের অর্থনীতির ওপরই বর্তাবে। তাই শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করাও জরুরি।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের বিদেশি ঋণের বড় অংশ এসেছে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণদাতা সংস্থা ও দেশ থেকে। বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছে বাংলাদেশের ঋণ ৫ হাজার ১১৪ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে ২ হাজার ২৬৩ কোটি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে ১ হাজার ৭৫১ কোটি ডলার।
অন্যদিকে, দ্বিপক্ষীয় ঋণদাতা দেশগুলোর কাছে ঋণ রয়েছে ৩ হাজার ২৬৪ কোটি ডলার। এর মধ্যে জাপানের কাছে ১ হাজার ২৭২ কোটি এবং রাশিয়ার কাছে ৯০২ কোটি ডলার। পাশাপাশি বেসরকারি খাতের বিদেশি ঋণ ও স্বল্পমেয়াদি ঋণের পরিমাণও উল্লেখযোগ্য। ফলে, বিদেশি ঋণের বিষয়টি এখন শুধু সরকারি অর্থায়নের মধ্যে সীমাবদ্ধ নেই; দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও তা গভীরভাবে জড়িত।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিদেশি ঋণের পাশাপাশি ঋণ পরিশোধের চাপও দ্রুত বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুসারে, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছিল ১১০ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২০১ কোটি ডলারে। ২০২২-২৩ অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলারে পৌঁছায়। আর ২০২৫-২৬ অর্থবছরে তা প্রায় ৪৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ একদিকে ঋণের স্থিতি বাড়ছে, অন্যদিকে সেই ঋণের সুদ ও আসল পরিশোধে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ার পাশাপাশি সরকারের উন্নয়ন ব্যয় ও সামাজিক খাতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার সক্ষমতাও সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ অবস্থায় বিদেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকারকে আরো সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। নতুন প্রকল্প গ্রহণের আগে এর অর্থনৈতিক সম্ভাব্যতা, ব্যয়-সুফল, ঋণের শর্ত, সুদের হার এবং পরিশোধের সময়সীমা যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন। রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনীয়, অতিরিক্ত ব্যয়বহুল কিংবা কম উৎপাদনশীল প্রকল্প গ্রহণের প্রবণতা বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি, সময়ক্ষেপণ ও অনিয়ম রোধে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। ঋণের অর্থ কোথায়, কীভাবে এবং কতটা কার্যকরভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা অপরিহার্য। পাশাপাশি দেশের নিজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
বাংলাদেশ এখন এমন এক অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ঋণের দায় সামাল দেওয়ার সক্ষমতাও বাড়াতে হবে। মনে রাখতে হবে, ঋণ গ্রহণ কোনো সাফল্য নয়; সেই ঋণের অর্থের যথাযথ ব্যবহার এবং সময়মতো পরিশোধ করতে পারাই প্রকৃত সাফল্য। আজকের অপরিকল্পিত ঋণের দায় যেন আগামী প্রজন্মের উন্নয়নের পথ সংকুচিত না করে, তা নিশ্চিত করতে হবে।
ঋণ নিয়ে বড় প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সেই প্রকল্প থেকে আয় ও উৎপাদনশীলতা বাড়ানোর কার্যকর পরিকল্পনা থাকতে হবে। অন্যথায়, উন্নয়নের নামে নেওয়া ঋণ একসময় উন্নয়নের গতিকেই বাধাগ্রস্ত করবে। তাই এখনই সময় ঋণনির্ভরতার বৃত্ত থেকে বেরিয়ে এসে আত্মনির্ভর, উৎপাদনশীল ও সক্ষম অর্থনীতি গড়ে তোলার। ঋণের বোঝা বাড়ানো নয়, ঋণ পরিশোধের সামর্থ্য অর্জনই হোক বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









