একটি শিশুর হাতে থাকার কথা বই, খাতা ও রঙিন স্বপ্নের পৃথিবী; অথচ সেই হাতে যখন জীবিকার বোঝা তুলে দেওয়া হয়, তখন বুঝতে হবে সমাজের কোথাও গভীর অসংগতি রয়ে গেছে। যে বয়সে একটি শিশুর বিদ্যালয়ের আঙিনায় ছুটে বেড়ানোর কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, নতুন কিছু শেখার আনন্দে প্রতিদিন নিজেকে আবিষ্কার করার কথা, সেই বয়সেই অসংখ্য শিশু জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে।
কারও হাতে ইট, কারও হাতে হাতুড়ি, কারও কাঁধে ভারী বোঝা, আবার কেউ রেস্তোরাঁ, পরিবহন, কারখানা কিংবা ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে শ্রম বিক্রি করছে। তাদের চোখেও স্বপ্ন আছে, কল্পনা আছে, ভবিষ্যৎ নিয়ে ভাবনা আছে; কিন্তু দারিদ্র্য, পারিবারিক অসচ্ছলতা ও সামাজিক বৈষম্য সেই স্বপ্নগুলোকে প্রতিনিয়ত সংকুচিত করে দিচ্ছে। শিশুশ্রম কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয়; এটি মানবিকতা, সামাজিক ন্যায়বিচার, রাষ্ট্রীয় দায়িত্ববোধ এবং সভ্যতার অগ্রগতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি জাতীয় সংকট। প্রশ্ন হচ্ছে, শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে আমরা এত কিছু জানার পরও সমাজ কি সত্যিকার অর্থে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো প্রস্তুতি অর্জন করতে পেরেছে?
বাংলাদেশের বাস্তবতায় শিশুশ্রমের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২-এর তথ্য অনুসারে, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার। এর মধ্যে প্রায় ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ শিশু কোনো না কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত। উদ্বেগের বিষয় হলো, শিশুদের মধ্যে ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন শিশুশ্রমের আওতায় রয়েছে এবং প্রায় ১০ লাখ ৬৮ হাজার ২১২ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত।
২০১৩ সালের জরিপে শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন। অর্থাৎ এক দশকের ব্যবধানে পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি; বরং শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা কিছুটা বেড়েছে। এসব পরিসংখ্যান আমাদের সামনে একটি নির্মম বাস্তবতা তুলে ধরে- অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং আধুনিকতার নানা অর্জনের মধ্যেও একটি উল্লেখযোগ্য সংখ্যক শিশু এখনো শৈশবের স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত। দেশের অর্থনীতির প্রবৃদ্ধি যদি শিশুদের জীবনে নিরাপত্তা, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে না পারে, তবে সেই উন্নয়নের সামাজিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
শিশুশ্রমের প্রধান কারণগুলোর মধ্যে দারিদ্র্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দরিদ্র পরিবারের কাছে অনেক সময় শিশুর উপার্জন বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবন চালিয়ে নেওয়ার অবলম্বন। বাবা-মায়ের স্বল্প আয়, কর্মসংস্থানের অভাব, ঋণের চাপ, পরিবারের সদস্য সংখ্যা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য অনেক পরিবারকে এমন পরিস্থিতিতে ঠেলে দেয়, যেখানে শিশুকেও উপার্জনের কাজে যুক্ত করতে হয়। কোনো বাবা হয়ত অসুস্থ, কোনো মা হয়ত একাই সংসারের দায়িত্ব বহন করছেন, আবার কোনো পরিবারের উপার্জনক্ষম সদস্য কাজ হারিয়েছেন। এসব বাস্তবতায় শিশুর শ্রম পরিবারের কাছে সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘ মেয়াদে তা শিশুর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে।
কারণ, একটি শিশু যখন শিক্ষার পরিবর্তে শ্রমের জগতে প্রবেশ করে, তখন তার জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সংকুচিত হয়। এভাবে দারিদ্র্য শিশুশ্রম সৃষ্টি করে, আর শিশুশ্রম ভবিষ্যতে দারিদ্র্যের পুনরাবৃত্তি ঘটায়। এক প্রজন্মের অসচ্ছলতা পরবর্তী প্রজন্মের জীবনেও ছায়া ফেলে। এই দুষ্টচক্র ভাঙতে হলে শুধু শিশুকে কাজ থেকে সরিয়ে আনলেই চলবে না; তার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের শহর ও গ্রাম-উভয় জায়গাতেই শিশুশ্রমের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। শহরের অলিগলি, বাসস্ট্যান্ড, বাজার, রেস্তোরাঁ, ওয়ার্কশপ, নির্মাণস্থল ও বিভিন্ন ক্ষুদ্র কারখানায় শিশুদের কাজ করতে দেখা যায়। কেউ গাড়ির যন্ত্রাংশ পরিষ্কার করছে, কেউ দোকানে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করছে, কেউ খাবার পরিবেশন করছে, আবার কেউ পরিবহনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছে।
গ্রামাঞ্চলে কৃষিকাজ, মাছ ধরার কাজে সহায়তা, পশুপালন এবং পারিবারিক ক্ষুদ্র ব্যবসায় শিশুদের যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে। অনেক ক্ষেত্রে এসব কাজকে পরিবারের সহযোগিতা কিংবা স্বাভাবিক পারিবারিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু কাজের ধরন, সময়, পরিবেশ ও শিশুর বয়স বিবেচনা না করলে সেই সহযোগিতাই একসময় শোষণের রূপ নিতে পারে। বিশেষ করে, বিপজ্জনক যন্ত্রপাতি, ভারী বোঝা, রাসায়নিক পদার্থ, অতিরিক্ত কর্মঘণ্টা কিংবা অনিরাপদ পরিবেশে শিশুদের নিয়োজিত করা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অনেক শিশু নিজের অধিকার সম্পর্কে জানে না, প্রতিবাদ করার ভাষা জানে না, এমনকি নিজের প্রতি অবিচার হচ্ছে- সেটিও উপলব্ধি করতে পারে না।
শিশুশ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষাব্যবস্থার সঙ্গে এর সম্পর্ক। শিক্ষা শিশুকে শুধু অক্ষরজ্ঞান দেয় না; শিক্ষা তাকে আত্মমর্যাদা, যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। অথচ শিশুশ্রমের কারণে অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারে না, অনেকে ভর্তি হলেও নিয়মিত উপস্থিত থাকতে পারে না। আবার কেউ কেউ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হয়। ফলে, তাদের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক ক্লান্তি বাড়ে এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
ইউনিসেফের ২০২৪ সালের একটি বিশ্লেষণে বাংলাদেশের জাতীয় জরিপের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুরা বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের তুলনায় শিশুশ্রমে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকিতে থাকে। অর্থাৎ শিক্ষা থেকে বিচ্ছিন্নতা শিশুশ্রমের ঝুঁকি বাড়ায়, আবার শিশুশ্রমও শিশুকে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয়। এই দুই সংকট পরস্পরের পরিপূরক হয়ে একটি শিশুর সম্ভাবনাময় জীবনকে সংকুচিত করে। তাই শিশুশ্রম প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হচ্ছে মানসম্মত, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা।
আমাদের সমাজে শিশুশ্রমের বিরুদ্ধে কথার অভাব নেই, কিন্তু বাস্তব উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক শিশু দিবস, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা শিশু অধিকার নিয়ে আলোচনা করি, সভা-সেমিনার আয়োজন করি, মানবিকতার কথা বলি। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরও রাস্তায়, দোকানে, কারখানায় কিংবা কর্মস্থলে শিশুদের একইভাবে শ্রম দিতে দেখা যায়। আমরা অনেক সময় শিশুশ্রমের বিরুদ্ধে বক্তব্য দিই, অথচ নিজেরাই কম দামে পণ্য কেনার সুবিধার্থে কোথায়, কীভাবে এবং কার শ্রমে পণ্যটি তৈরি হচ্ছে, সে বিষয়ে উদাসীন থাকি।
কোনো দোকানে অল্প বয়সী শিশুকে দীর্ঘ সময় কাজ করতে দেখেও আমরা বিষয়টিকে স্বাভাবিক মনে করি। গৃহস্থালি কাজের ক্ষেত্রেও অনেক শিশু এমন পরিবেশে কাজ করে, যেখানে তাদের কাজের সময়, বিশ্রাম, নিরাপত্তা কিংবা শিক্ষার সুযোগ নিশ্চিত থাকে না। বিশেষ করে, গৃহকর্মে নিয়োজিত শিশুদের দুর্দশা অনেক সময় লোকচক্ষুর আড়ালে থেকে যায়। সমাজের এই নীরবতা শিশুশ্রমকে টিকিয়ে রাখার অন্যতম কারণ। যে অন্যায়কে আমরা প্রতিদিন দেখেও প্রতিবাদ করি না, একসময় সেই অন্যায়ই সামাজিক বাস্তবতার অংশ হয়ে দাঁড়ায়। শিশুশ্রম প্রতিরোধে রাষ্ট্রীয় আইন ও নীতিমালার গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশের শ্রম আইন ২০০৬ এবং পরবর্তী সংশোধনীগুলোতে শিশুশ্রমের বয়সসীমা, নিয়োগের শর্ত এবং ঝুঁকিপূর্ণ কাজে শিশু নিয়োগের বিষয়ে বিধান রয়েছে। সাধারণভাবে ১৪ বছরের কম বয়সী শিশুকে শ্রমে নিয়োগ নিষিদ্ধ এবং ১৪ থেকে ১৮ বছর বয়সীদের কিশোর হিসেবে বিবেচনা করে নির্দিষ্ট শর্তে কাজের সুযোগ রাখা হয়েছে। তবে, কোনো কিশোরকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যায় না। বাংলাদেশ সরকার ৪৩টি খাতকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। আইন থাকা সত্ত্বেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। কারণ, শিশুশ্রমের বড় একটি অংশ অনানুষ্ঠানিক অর্থনীতিতে সংঘটিত হয়, যেখানে নিয়মিত পরিদর্শন, নিয়ন্ত্রণ ও জবাবদিহি প্রতিষ্ঠা করা কঠিন। আইন প্রণয়ন করাই যথেষ্ট নয়; আইন ভঙ্গকারীদের জবাবদিহির আওতায় আনা, শ্রম পরিদর্শন শক্তিশালী করা এবং শিশুশ্রমের শিকার শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করাও জরুরি।
শিশুশ্রমের বিরুদ্ধে সমাজ কতটা প্রস্তুত, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সামাজিক মানসিকতার দিকেও তাকাতে হবে। অনেক অভিভাবক মনে করেন, ছোটবেলা থেকেই কাজ শিখলে সন্তান ভবিষ্যতে স্বাবলম্বী হবে। আবার অনেক নিয়োগকর্তা মনে করেন, শিশুরা অল্প মজুরিতে কাজ করে এবং তাদের দিয়ে সহজে কাজ করানো যায়। এই দুই মানসিকতার মধ্যে শিশুর অধিকার ও মর্যাদার বিষয়টি প্রায়ই হারিয়ে যায়। বাস্তবে কাজ শেখা এবং শিশুশ্রম এক বিষয় নয়। পরিবারের পরিবেশে বয়সোপযোগী ছোটোখাটো দায়িত্ব পালন, জীবনদক্ষতা অর্জন কিংবা পড়াশোনার পাশাপাশি সীমিত ও নিরাপদ কাজে অংশ নেওয়া এক ধরনের অভিজ্ঞতা হতে পারে। কিন্তু যখন কোনো কাজ শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে, তখন সেটি আর সাধারণ সহযোগিতা থাকে না; সেটি শিশুর অধিকার লঙ্ঘনে পরিণত হয়। এই পার্থক্যটি পরিবার, সমাজ ও নিয়োগকর্তা- সবার বোঝা প্রয়োজন। শিশু কোনো সস্তা শ্রমশক্তি নয়; সে একটি স্বাধীন সত্তা, যার রয়েছে নিরাপদ শৈশব, শিক্ষা, বিনোদন ও মর্যাদার অধিকার।
২০২৫ সালের জুনে প্রকাশিত আইএলও ও ইউনিসেফের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু শিশুশ্রমে নিয়োজিত ছিল, যাদের মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ছিল। একই প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের হার ৩ দশমিক ২ শতাংশ থেকে কমে ২ দশমিক ৭ শতাংশ হওয়ার অগ্রগতি তুলে ধরা হলেও সামগ্রিক শিশুশ্রমের হার ৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর বিষয়টি উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কিছু ক্ষেত্রে উন্নতি হলেও সামগ্রিক সমস্যার সমাধান এখনো হয়নি।
শিশুশ্রম নির্মূলের জন্য ২০২৫ সালকে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে শিশুশ্রম রয়ে গেছে। এ বাস্তবতা প্রমাণ করে, শুধু লক্ষ্য নির্ধারণ কিংবা আন্তর্জাতিক অঙ্গীকার যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং নিয়মিত অগ্রগতি মূল্যায়ন। শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিকদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। দরিদ্র পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, শিক্ষার্থীদের উপবৃত্তি বৃদ্ধি, বিদ্যালয়ে পুষ্টিকর খাবারের ব্যবস্থা, বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করতে হবে।
যেসব শিশু ইতোমধ্যে শ্রমে যুক্ত হয়েছে, তাদের একদিনে কাজ থেকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। তাদের পরিবারের বিকল্প আয়ের ব্যবস্থা, প্রয়োজনীয় সহায়তা, শিক্ষা ও মানসিক পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানসহ অনানুষ্ঠানিক খাতে নিয়মিত নজরদারি বাড়াতে হবে। শিশুদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুশ্রমের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। তবে, কোনো শিশুর মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করে নয়; বরং তার অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।
আমাদের মনে রাখতে হবে, শিশুশ্রমের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে শুধু একটি সামাজিক অপরাধের প্রতিবাদ করা নয়; বরং একটি সুন্দর ভবিষ্যতের পক্ষে দাঁড়ানো। আজ যে শিশু কারখানায় শ্রম দিচ্ছে, যে শিশু বিদ্যালয়ের পরিবর্তে দোকানে সময় কাটাচ্ছে, যে শিশু পরিবারের অভাব মেটাতে নিজের শৈশব বিসর্জন দিচ্ছে- সেও আগামী দিনের নাগরিক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা একজন মানুষ হতে পারত।
তার সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করার অধিকার কারও নেই। একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন শুধু মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সড়ক, সেতু কিংবা উঁচু ভবনের পরিমাপে নির্ধারিত হয় না; সেই রাষ্ট্রের সবচেয়ে অসহায় শিশুটি কতটা নিরাপদ, কতটা শিক্ষিত এবং কতটা মর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারছে, সেটিও উন্নয়নের গুরুত্বপূর্ণ মানদণ্ড।
পরিশেষে বলা যায়, শিশুশ্রমের বিরুদ্ধে আমাদের সমাজ এখনো সম্পূর্ণ প্রস্তুত নয়। আমাদের আইন আছে, নীতিমালা আছে, সচেতনতার কথা আছে, আন্তর্জাতিক অঙ্গীকারও আছে; কিন্তু বাস্তবে তার কার্যকর প্রতিফলন এখনো পর্যাপ্ত নয়। সবচেয়ে বড় প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। শিশুকে উপার্জনের মাধ্যম হিসেবে নয়, ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে দেখতে শিখতে হবে। দারিদ্র্যকে অস্বীকার করে শিশুশ্রম বন্ধ করা যাবে না, আবার দারিদ্র্যের অজুহাতে শিশুর শৈশব কেড়ে নেওয়াও গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রকে এমন অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কোনো পরিবারকে জীবিকার প্রয়োজনে সন্তানের হাতে শ্রমের বোঝা তুলে দিতে না হয়।
মনে রাখতে হবে, একটি শিশুর শৈশব একবার হারিয়ে গেলে তা আর ফিরিয়ে দেওয়া যায় না। তাই শিশুশ্রমের বিরুদ্ধে সংগ্রাম কোনো একক প্রতিষ্ঠান বা সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। যে সমাজ তার শিশুদের চোখের স্বপ্ন রক্ষা করতে পারে না, সে সমাজ কখনো সত্যিকার অর্থে উন্নত, মানবিক ও সভ্য সমাজ হয়ে উঠতে পারে না। শিশুর হাতে শ্রমের বোঝা নয়, বই তুলে দেওয়ার মধ্য দিয়েই রচিত হোক আগামীর মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
লেখক : কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









