জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত নারী আসনের প্রথা পরিবর্তন করে সরাসরি ভোটে অন্তত ১০০টি আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
শুক্রবার (১৩ নভেম্বর) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘‘রাষ্ট্র ও রাজনীতিতে নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে কোটা ব্যবস্থার পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার পথ উন্মুক্ত করতে হবে; কারণ নারীরা আজ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোনো অংশেই পিছিয়ে নেই।’’
নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘নারী শিক্ষার প্রকৃত অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি অতীতে মেয়েদের এসএসসির পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার ঐতিহাসিক সুযোগ করে দিয়েছিলেন। নারী সমাজকে আরও বেশি শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে তুলতে আমি মেয়েদের স্নাতক (বিএ) পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।’’
বরিশালের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিদ্যাপীঠটির গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে স্পিকার আরও বলেন, ‘‘ঐতিহ্যবাহী এই বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, এটি ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয়। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে এই বিদ্যালয়টির গৌরবময় অবদান রয়েছে, যা জাতি ও ইতিহাস চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’’
বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়টির প্রাক্তন কৃতি শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই আনন্দঘন মিলনমেলার অংশীদার হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








