কুষ্টিয়ার কুমারখালীতে অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুমারখালী উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনের আয়োজন শুরু হয় ঐতিহ্যবাহী লাঠিখেলার মধ্য দিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর সাদিক। স্বাগত বক্তব্য দেন মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল।
আলোচনা সভায় বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মীর মশাররফ হোসেনের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর জীবন, সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। একই সঙ্গে সাহিত্যিকের আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








