পাবনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নবনির্মিত জেলা কসাইখানার উদ্বোধন করা হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কসাইখানাটি চালু হলে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং নিরাপদ মাংস সরবরাহের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পাবনা পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন স্থানে নবনির্মিত কসাইখানার উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, জেলার সিনিয়র আইনজীবী মির্জা আজিজুল রহমান, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক এ জেলা কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।
আধুনিক এ কসাইখানা চালুর ফলে অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইয়ের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থাপনাটি।
বিশেষ করে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মাংস ব্যবসায়ীদের জন্য একটি পরিকল্পিত জবাই ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এতে পাবনা পৌরসভাসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রায় ১০ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে পাবনায় প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন একটি অবকাঠামো যুক্ত হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








