রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কিশোর চালক শিহাব রানাকে (১৭) হত্যা করা হয়। এ ঘটনায় শিমুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও ছিনতাই হওয়া শিহাবের অটোরিকশা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালিয়ে শিমুলকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সিপিএসসি দল।
গ্রেপ্তার শিমুল (২০) উপজেলার লস্করহাটি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে গোদাগাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে শিহাব হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাজশাহী জেলা পুলিশ।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয়। রাতেই অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন শিমুলের মা জোহুরা বেগম, একই এলাকার সুজন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগানপাড়া গ্রামের আবদুল হালিম। হালিমের গ্যারেজ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গত ২৭ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় শিহাব। রাত ৮টার দিকে শিমুল ২০০ টাকা ভাড়ায় তাঁকে গোদাগাড়ীর দিগ্রাম যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, গোদাগাড়ী-আমনুরা সড়কের কলিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে হাতুড়ি দিয়ে শিহাবের মাথায় পরপর দুটি আঘাত করেন তিনি। এতে শিহাবের মৃত্যু হলে মরদেহ সড়কের পাশের ধানখেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিহাবের সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর তার বাবা সোহেল রানা গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৩১ অক্টোবর সকালে কলিপুর গ্রামের একটি ধানখেত থেকে শিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে ১ নভেম্বর গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








