মহানন্দা সেতুর পূর্বদিকে অবস্থিত টোলঘর চাষী বাজার টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন চাষী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শুক্রবার (১৩ নভেম্বর ) সকালে মহানন্দা সেতুর টোলঘরের পিছনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পোল্ট্রি ফিড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুখলেসুর রহমান আলাল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, আইবিডব্লিউ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি মো. শামসুজ্জামান মুকুল, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী শ্রীমতী মালা রানী, সাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, ওবাইদুল হক প্রমুখ।
ব্যবসায়ীরা জানান, ২০০৭ সালে সেনাশাসন আমলে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের আমলে এ চাষী বাজার সৃষ্টি হয়। এ বাজারের ফলে পৌরসভার ৩টি ওয়ার্ডের সাধারণ মানুষজন নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করে থাকেন। তাই এ বাজার উচ্ছেদ করা যাবে না। এ বাজার সবসময় টোলমুক্ত রাখতে হবে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুক হক জানান, চাষী বাজারে যারা দোকান খুলে ব্যবসা করছেন তারা অবৈধভাবে ব্যবসা করছেন। চাষী বাজারকে ইজারার আওতায় আনার জন্য নোটিশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








