সন্তান হারানোর শোক যে কতটা গভীর, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভোলার এক মা। মৃত্যুর পরও ছেলের লাশের পাশ ছেড়ে যাননি তিনি। রাতভর একই বিছানায় ছেলের নিথর দেহের পাশে শুয়ে কাটিয়েছেন পুরো রাত। মায়ের এমন নিঃশব্দ ভালোবাসা ও বুকভাঙা শোকের দৃশ্য আবেগাপ্লুত করেছে স্থানীয়দের।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ী গ্রামে।
স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল্লাহ বাবুর্চীর ছেলে আলম বাবুর্চী (৩০) গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। শুক্রবার সকালে জানাজা শেষে দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে স্বজন ও প্রতিবেশীরা একে একে মরদেহের পাশ থেকে সরে গেলেও ছেলের কাছ থেকে এক মুহূর্তের জন্যও দূরে যাননি মা। একই বিছানায় ছেলের নিথর দেহের পাশে শুয়ে রাতভর কাটিয়ে দেন তিনি। মৃত্যুর পরও সন্তানকে আগলে রাখার এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত স্বজন ও স্থানীয়রা।
সন্তানের সামান্য অসুস্থতায় যে মা রাতের পর রাত নির্ঘুম কাটান, সেই মাকেই একদিন সন্তানের নিথর দেহের পাশে নির্ঘুম রাত কাটাতে হলো। যে সন্তানকে কোলে-পিঠে করে বড় করেছেন, সেই সন্তানকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।
মায়ের ভালোবাসা যে পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে, বাথানবাড়ী গ্রামের এই দৃশ্য যেন আবারও তার প্রমাণ দিল। সন্তান হারানোর অসহনীয় শোকের মধ্যেও ছেলের পাশে মায়ের এভাবে পড়ে থাকা উপস্থিত মানুষের হৃদয়ে গভীর দাগ কেটেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








