দেশকে অস্থিতিশীল করতে একটি দল মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, তাদের এসব অপচেষ্টা সফল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, পাশাপাশি জনগণও সজাগ আছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সিলেট সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সমাবেশ করার প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ।’ ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী আরও বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বিভিন্নভাবে কাজ করছে।
এর আগে নবনিযুক্ত পিপি ও জিপিদের উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক ও জুয়া-সংক্রান্ত মামলাগুলো গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। যাতে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিচারপ্রার্থীদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার পেতে গিয়ে হয়রানি ও দুর্ভোগের শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








