সিলেটের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইলাশপুর গ্রামের সড়ক থেকে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ইলাশপুর গ্রামের সুমন আলীর ছেলে মারুফ মিয়া (২০), অজিত দেবের ছেলে অয়ন দেব (২৮) এবং শাওন করের ছেলে বাধন কর (১৬)। বাধন কর স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইলাশপুর এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শুনতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ওসমানীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
তবে আটক ব্যক্তিরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নন বলে একটি সূত্র দাবি করেছে।
তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








