শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া রবিবার (১৫ নভেম্বর) জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও শব্দবোমা ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন। ফলে সেখানে আর কোনো বিশৃঙ্খলা হয়নি।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সকালে পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা পারেননি। শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। রবিবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








