সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘মুক্তিযোদ্ধা চত্বরের’ অবকাঠামোর কাজ শেষ হয়েছে প্রায় ১৬ মাস আগে। তবে এখনো জ্বলেনি কোনো বাতি। ফলে রাতে অন্ধকারে পড়ে থাকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাটি। নকশা অনুযায়ী আলোকসজ্জা করতে প্রয়োজন ৭০ থেকে ৭৫ লাখ টাকা। এই ব্যয় করতে রাজি নয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বিকল্প হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয়ে সাধারণ বাতি স্থাপন করে চত্বরটি উদ্বোধনের পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এতে স্থাপনাটির নকশাগত সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন প্রধান স্থপতি।
সিসিকের প্রকৌশল শাখা জানায়, ভাস্কর্যের নকশাকারী প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী আলোকসজ্জার জন্য ৭০ থেকে ৭৫ লাখ টাকা প্রয়োজন। তবে এ পরিমাণ অর্থ বরাদ্দ দিতে চাইছে না সিটি করপোরেশন।
এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন নির্মাণ-পরামর্শক দলের প্রধান স্থপতি শাকুর মজিদ। তিনি বলেন, বৈদ্যুতিক ও আলোকসজ্জার কাজে ৪০ থেকে ৪৫ লাখ টাকা খরচ হওয়ার কথা। সিসিক কেন ৭০ থেকে ৭৫ লাখ টাকা বলছে, তা বুঝতে পারছেন না তিনি। সাধারণ বাতি স্থাপন করা হলে স্থাপনাটির স্থাপত্যসৌন্দর্য নষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি।
সিসিক সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নগরের কদমতলী এলাকায় ১০ শতাংশ জমিতে চত্বরটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়ানো হয়। অবশেষে ২০২৫ সালের জুনে অবকাঠামোর কাজ শেষ হয়। তবে আলোকসজ্জা না হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি।
সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান শনিবার সকালে এদিনকে বলেন, নকশা অনুযায়ী বৈদ্যুতিক কাজ করতে বিপুল অর্থের প্রয়োজন। তাই বাজেট কাটছাঁট করে ব্যয় কমানো হয়েছে। ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয়ে সাধারণ বাতি স্থাপন করে দ্রুত চত্বরটি উদ্বোধন করা হবে। এ জন্য গত আগস্টে দরপত্র আহ্বান করা হয়। প্রক্রিয়া শেষে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। তার আশা, চলতি মাসেই আলোকসজ্জার কাজ শুরু হবে।
ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালে কদমতলী এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সেখানে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় সিসিক।
নকশা অনুযায়ী, স্থাপনাটির কেন্দ্রে ৭১ ফুট ব্যাসের বৃত্তের ওপর নির্মাণ করা হয়েছে ৭১ ফুট উচ্চতার চার বাহুবিশিষ্ট স্তম্ভ। ভাষা আন্দোলনের স্মারক হিসেবে এতে রয়েছে ৫২টি রিং। এ ছাড়া সিলেটের চারটি জেলার সম্মিলিত মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে রয়েছে চারটি বেয়নেট ও চারটি রাইফেল। রাতে রাইফেল ও লাল রঙের সিলিন্ডারে বিশেষ আলোকসজ্জা এবং সিলিন্ডারের শীর্ষ থেকে আকাশমুখী লেজার বিমের পরিকল্পনা রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এদিনকে বলেন, ভাস্কর্যটির বাকি কাজ দ্রুত শেষ করতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ভাস্কর্যটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








