ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়ে উধাও হয়েছেন ঠিকাদার। টেন্ডার ও কার্যাদেশের মেয়াদ শেষ হলেও দেড় বছর পার হয়ে গেছে, এখনো শুরু হয়নি সংস্কারকাজ। ফলে খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ।
স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার খদখালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কটি দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। ঝুঁকি নিয়ে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। তবে
কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। একপর্যায়ে গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও সংস্কারকাজ শুরু করেননি। এতে দীর্ঘদিন ধরে সংস্কারের আশায় থাকা এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বলেন, চার পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলাম সংস্কারের জন্য টেন্ডার হয়েছে, ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।
কলেজ শিক্ষক শামিম হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতেও সমস্যা হয়। ঠিকাদার কাজ পেয়েও কেন কাজ করছেন না, তা আমাদের বোধগম্য নয়।
এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








