আজকের দুপুরটা অন্য যেকোনো দিনের চেয়ে একদম আলাদা ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীদের নিয়ে ২০২৪-২০২৫ সেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক জমজমাট মিলনমেলা ও বনভোজন। আমাদের এই মিলনমেলার স্থানটি ছিল কলা অনুষদের ‘ঝুপড়ি’র পেছনের ‘কাঁঠাল তলা’।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ডিপার্টমেন্টের কাজ শেষ করেই পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে যাওয়ার সময় একটু সামনেই চোখে পড়ল সাইনবোর্ড—‘ঝুঁকিপূর্ণ ঝরনা এলাকা’। ঠিক সেই ঝরনার পাশেই ছিল আমাদের পিকনিকের ভেন্যু। পাহাড়ি ঘেরা ওই পথে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল বেশ রোমাঞ্চকর।
কাঁঠাল তলায় পৌঁছানোর পর চোখ জুড়িয়ে গেল। মনে হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়, হঠাৎ করেই যেন এক টুকরো নওগাঁ এসে বসে আছে এই কাঁঠাল তলায়! একই ক্যাম্পাসে পড়াশোনা করলেও ব্যস্ততার কারণে এভাবে সবার সাথে দেখা হওয়ার সৌভাগ্য সবসময় হয়ে ওঠে না। শীতের শুরুতেই আমাদের নওগাঁর সংস্কৃতির সবচেয়ে বড় ঐতিহ্য হলো গরম গরম ভাতের সাথে ঐতিহ্যবাহী ‘আলু ঘাটি’ দিয়ে পিকনিক করা। গরম ভাতের সাথে আলু ঘাটি আর সালাদের সেই অসাধারণ কম্বিনেশন যেন অমৃতের মতো মনে হচ্ছিল।
চারপাশে জুনিয়র, সমবয়সী আর অনেক নতুন নওগাঁর সিনিয়র ভাইদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হলো। আড্ডা, হাসি-ঠাট্টা আর সবার মুখে নিজেদের আঞ্চলিক ভাষার টান শুনে এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমরা আমাদের ঘর থেকে ৫০০ কিলোমিটার দূরে চট্টগ্রাম পাহাড়ি ক্যাম্পাসে আছি।
এই আনন্দঘন আয়োজনে নওগাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সফল এই মিলনমেলার পর খুব দ্রুতই ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের বরণে জমকালো ‘নবীন বরণ’ অনুষ্ঠান আয়োজন করা হবে। দিনব্যাপী আয়োজিত এই চমৎকার ও সুশৃঙ্খল প্রোগ্রামের পুরো কৃতিত্বটাই প্রাপ্য ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি আয়োজন উপহার দিয়েছেন।
চারপাশের এই আনন্দ আর আপনজনদের ভিড় দেখে হঠাৎ করেই রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়ালগটি বারবার মনে পড়ছিল— "ঘর ওহি হী হ্যায়, জহা আপনে লোগ রেহতে হ্যায়।"
চট্টগ্রামের এই ভিন্ন সংস্কৃতি আর অপরিচিত আবহের মাঝেও নিজের এলাকার কিছু মানুষ পাশে থাকলে ক্যাম্পাস জীবনটা যে কত সুন্দর হয়ে ওঠে, আজকের দিনটি তার সবচেয়ে বড় প্রমাণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








