বগুড়ার শেরপুরে মজুমদার ফুডস লিমিটেড কোম্পানির বাউন্ডারি ওয়াল সংলগ্ন স্থান থেকে বিপ্লব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ছোনকা এলাকায় কোম্পানিটির দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়ালের পাশে নজরুলের বাড়ি সংলগ্ন মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বিপ্লব শেরপুর উপজেলার ছোনকা কেনার ডাক্তারের চাতাল সংলগ্ন এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে। তার নানার বাড়ি উপজেলার বাগড়া গ্রামে। সে পেশায় একটি টলি (ছোট মালবাহী যান) চালক ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও কোম্পানির নিরাপত্তাকর্মী এনামুল হোসেন ও নজরুল ইসলাম জানান, ভোর আনুমানিক ৪টার দিকে কোম্পানির বাউন্ডারি ওয়ালের বৈদ্যুতিক বাতি নিভে যায়। পরে কোম্পানির দক্ষিণ পাশের ওয়ালের ওপরের বৈদ্যুতিক তার ছেঁড়া দেখতে পান তারা। এরপর বাইরে গিয়ে কলাগাছের পাশে এক কিশোরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা কোম্পানির অ্যাডমিন রঞ্জনকে জানান।
কোম্পানির অ্যাডমিন রঞ্জন জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে কিশোরের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি তাদের বাইরে যেতে নিষেধ করেন এবং পুলিশকে খবর দেন।
কোম্পানির হেড অব অ্যাকাউন্টস অরুপ চক্রবর্তী বলেন, কোম্পানির ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তাকর্মীরা প্রথমে মরদেহটি দেখতে পান। তবে সরেজমিনে ওয়াচ টাওয়ারে গিয়ে দেখা যায়, যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখান থেকে ওয়াচ টাওয়ারের মাধ্যমে তা দেখার সুযোগ নেই।
মরদেহটি যে স্থানে পড়ে ছিল, সেটি স্থানীয় নজরুলের বাড়ির জায়গা বলে জানা গেছে। নজরুল জানান, তারা রাতে ঘুমিয়ে ছিলেন। ভোরে বাড়ির বাইরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে দেখেন, মরদেহের পাশে কোম্পানির তিনজন লোক ও অলেছা নামের এক নারী দাঁড়িয়ে আছেন। তবে সেখানে কোনো তার কাটা ছিল কি না কিংবা মরদেহটি কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। এ সময় উপস্থিত রওশনারা, ফুলেরাসহ অন্যরাও একই ধরনের বক্তব্য দেন।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শী অলেছা পাশের একটি ইটভাটায় রান্নার কাজ করেন। তিনি জানান, ভোর ৪টার দিকে রান্নার জন্য ওই পথ দিয়ে যাওয়ার সময় নজরুলের বাড়ির পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তখন কোম্পানির তিনজন ব্যক্তি তাকে বলেন, কিশোরটি এখনো বেঁচে আছে। তবে তার অবস্থা দেখে বেঁচে থাকার কোনো লক্ষণ তিনি বুঝতে পারেননি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল ইসলাম বলেন, একটি রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কিশোরটির মৃত্যু কীভাবে হয়েছে, কোথায় বা কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








