চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের পুনর্বাসন ও ডিসেম্বর মাসে মাঠে নামার পরিকল্পনা নিয়ে দুটি গুরুতর বার্তা পাওয়া গেছে। বার্তা দুটিতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।
আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, প্রথমে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জাহাঙ্গীর আলমের এ ধরনের কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়। পরে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিভাগীয় মামলা করা হয়। জাহাংগীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে।
এর আগে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে কয়েক দিন ধরে নজরদারিতে ছিলেন এসপি জাহাঙ্গীর আলম।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পুলিশের সাদা রঙের একটি বিশেষ ইউনিটের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ জানান, গতকাল শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও বিশেষ প্রতিক্রিয়া ইউনিটের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। সেদিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








