শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদার ওরুফে বেকু রোকনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে দুজনকে তিন মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় এ দণ্ডাদেশ দেন।
রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে রোকন সরদার (৩৫), ভেদরগঞ্জের ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে তাজেল সরদার (২৭), ফ্রান্সগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রহিম বাদশা (২০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে রোকন সরদার ও তাজেল সরদারকে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, এর আগেও গত বছরের মে মাসে কৃষিজমির মাটি কাটার দায়ে যুবদল নেতা রোকন সরদারকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া তাকে একাধিকবার জরিমানাও করা হয়। এরপরও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবারও তাকে কারাদণ্ড দেওয়া হলো।
অভিযানকালে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, ‘‘আমরা এর আগেও তাকে দুইবার সতর্ক করেছি। কিন্তু তিনি কিছুদিন চুপ থেকে আবারও একই কাজ করছেন। জেলা যুবদলের আজ একটি কর্মসূচি রয়েছে। সেটি শেষ করে আমরা বসব এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।’’
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, ‘‘উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








