চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আজ রোববার আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারা, লে-অফ ও অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ বিভিন্ন কারণে মালিকপক্ষ অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছে। তবে গোটা শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।
তিনি বলেন, পাঁচটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছিলেন। এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা আবার কাজ শুরু করেছেন। সব মিলিয়ে আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে পাঁচটি কারখানা বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ বলছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়েই কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাঁচ প্লাটুন আনসার এবং আট প্লাটুন বিশেষ প্রতিক্রিয়া ব্যাটালিয়নের সদস্য রয়েছেন। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
এর ধারাবাহিকতায় রোববার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধঘণ্টা পর শ্রমিকরা সেখান থেকে সরে যান। এ ছাড়া গাজীপুর মহানগরের কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষের কারণে পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর জেলার প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি বাদে বাকি সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ক্রমাগত শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা পুনরায় খুলে দিতে পারবে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং কারখানার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








