দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৫ নভেম্বর) রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেন আদালত।
বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আদালত রিটটি ‘নট প্রেস রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন।
এর আগে গত ৭ অক্টোবর দেশের সব স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রিটটি দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।
রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়।
রিট দায়েরের পর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করেছিল তৎকালীন সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
পরবর্তী সময়ে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে পরীক্ষার মাধ্যমে। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের মতো লটারি পদ্ধতি বহাল থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








