চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) ও ২০০ বোতল এসকুফ (Eskuf) সিরাপসহ মো. মেহেদী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
র্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলাল বাজার এলাকায় অভিযান চালান। এ সময় গোমস্তাপুর থেকে কানসাটগামী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ৩৯০ বোতল ফেয়ারডিল ও ২০০ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি সোয়ারাজ ৮৫৫ এফই মডেলের পুরোনো ট্রাক্টর জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া গ্রামের মো. আনরুল ইসলামের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








