নির্ধারিত কাজের এলাকা বহাল রাখা, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি এবং নিয়োগসংক্রান্ত বিধিমালা অপরিবর্তিত রাখাসহ পাঁচ দফা দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের উদ্যোগে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলার কথা রয়েছে। কর্মসূচির কারণে দেশজুড়ে বিয়ে নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার নিকাহ রেজিস্ট্রাররা। এ সময় তারা নিজেদের পেশাগত বিভিন্ন সমস্যা তুলে ধরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
নিকাহ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—লাইসেন্সে উল্লেখিত নির্ধারিত কর্ম এলাকা বহাল রাখা, মৃত্যু বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালায় নির্ধারিত যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নের সময় নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক ও পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধান, পেশাগত মর্যাদা রক্ষা এবং সেবার মান নিশ্চিত করার লক্ষ্যেই পাঁচ দফা দাবি জানানো হয়েছে।
তারা ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার দাবি জানিয়ে বলেন, নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা না করে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে অভিজ্ঞ নিকাহ রেজিস্ট্রারদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে কাজী খয়বর হোসেন, কাজী মো. জহুরুল আলম, কাজী মো. হাবিবুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা বক্তব্য দেন।
পরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








