প্রচলিত কর্ম এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, নিকাহ রেজিস্ট্রারদের কর্মের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বিয়ে নিবন্ধন ফি বাড়ানোর দাবিতে মাগুরায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কাজীরা।
সোমবার (১৬ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার চার উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সভাপতি মুফতি মাওলানা মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ আল মামুনসহ বিভিন্ন এলাকার কাজীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম এলাকা ভাগ করার সিদ্ধান্ত বাতিল করে আগের অধিক্ষেত্র বহাল রাখতে হবে। পাশাপাশি তাদের কর্মের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ে নিবন্ধন ফি বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় এসব দাবি বাস্তবায়ন জরুরি। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








