গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত রিপন নিটওয়্যার গার্মেন্টস লিমিটেড (রিপন গ্রুপ)-এর শ্রমিকরা বকেয়া ছুটি ও তিন মাসের নাইট বিলের টাকা পরিশোধের দাবিতে কারখানার সামনে ও ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কারখানাটির শ্রমিকরা উৎপাদন কার্যক্রম বন্ধ করে ফ্যাক্টরির অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হন। শ্রমিকদের দাবি, তাদের বকেয়া ছুটির টাকা ও গত তিন মাসের নাইট বিল পরিশোধ করতে হবে।
কারখানা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ৯৮২ জন শ্রমিক কর্মরত আছেন। পরে মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধের সময়সূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী— নভেম্বর মাসের নাইট বিল আগামী ৩ মার্চ, ডিসেম্বর মাসের নাইট বিল ১৪ মার্চ এবং জানুয়ারি মাসের নাইট বিল ১৬ মার্চ ২০২৬ তারিখে পরিশোধ করা হবে। একই সঙ্গে ২০২৫ সালের বাৎসরিক ছুটির টাকাও এসব তারিখে পরিশোধের কথা জানানো হয়।
তবে মালিকপক্ষের এই সিদ্ধান্ত শ্রমিকরা প্রত্যাখ্যান করেন। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে যে যার মতো কারখানা এলাকা ত্যাগ করেন।
এরপর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শ্রমিকরা আবার কারখানায় এসে ভেতরে ও বাইরের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিতে দেখা যায়।
এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, শ্রমিকরা তিন মাসের নাইট বিল ও ছুটির টাকা পাবেন। তিনি বলেন, “আমরা ঈদের আগেই পাওনা পরিশোধের চেষ্টা করছি। কিন্তু শ্রমিকরা তা মানছেন না। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিকরা বর্তমানে কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিকপক্ষ এসে তাদের সঙ্গে আলোচনা করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









