যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক ঘটনায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক এবং একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। দুই ক্ষেত্রেই তাৎক্ষণিক পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেহেদী হাসান নামে এক যুবককে দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মেহেদী উপজেলার বুইকারা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে একই এলাকায় সজল নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।
অন্যদিকে, একই রাতে বাঘারপাড়া পৌরসভায় কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক টিএস আয়ুবের বাসায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
বাঘারপাড়া থানার এসআই মো. ওলিয়ার রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুটি অবিস্ফোরিত ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









