বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের একতরফা সিদ্ধান্তে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংশ্লিষ্টতা বাতিলের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির পটুয়াখালী জেলা শাখা। পূর্বের মতো সমিতির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধনসহ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে সারাদেশে ওষুধের দোকান বন্ধ রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি দীর্ঘ ২২ বছর ধরে যৌথভাবে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। সম্প্রতি সমিতিকে অবহিত না করেই ফার্মেসি কাউন্সিলের সচিব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমে সমিতির সংশ্লিষ্টতা বাতিল করা হয়েছে।
সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তকে একতরফা ও অযৌক্তিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন, পূর্বের নিয়মে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ বহাল রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশিক্ষণ কার্যক্রমে সমিতির সংশ্লিষ্টতা বাতিল করা হলে দেশের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টরা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি প্রশিক্ষিত ফার্মাসিস্টের সংখ্যা কমে যাওয়ায় ওষুধের দোকানে মানসম্মত সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে। এর নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ ওষুধসেবীদের ওপরও।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষিত ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে সারাদেশের ওষুধের দোকান বন্ধ রাখার কর্মসূচিও পালন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি গুরুত্বসহকারে প্রচারের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইস্তিয়াক উদ্দিন আহমেদ রাহাত এবং সিনিয়র সহসভাপতি গাজী শহিদুল ইসলাম শাহীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








