মানুষের সুস্থতা কেবল শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে না, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে মানসিক স্বাস্থ্য। অথচ দ্রুত পরিবর্তনশীল জীবনব্যবস্থা, অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা, পারিবারিক টানাপড়েন ও সামাজিক অস্থিরতার চাপে মানুষের মানসিক প্রশান্তি ক্রমেই হারিয়ে যাচ্ছে। সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে পড়া, অসহিষ্ণুতা, উদ্বেগ, বিষণ্ণতা ও আচরণগত পরিবর্তন এখন সমাজের পরিচিত চিত্র।
ব্যক্তির এই সংকট ধীরে ধীরে সামাজিক সংকটেও রূপ নিচ্ছে। উদ্বেগের বিষয়, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ও চিকিৎসার সুযোগ- দুটিই এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সবশেষ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের তথ্য অনুসারে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষের প্রায় ৯১ শতাংশ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। দেশে প্রতি পাঁচ লাখ মানুষের বিপরীতে রয়েছেন মাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞ।
এ পরিসংখ্যান শুধু চিকিৎসাসেবার সীমাবদ্ধতাই প্রকাশ করে না, বরং একটি বড় জনগোষ্ঠীর নীরব মানসিক সংকটের কথাও সামনে নিয়ে আসে। বিশেষ করে, গ্রাম ও প্রান্তিক অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত। ফলে, অনেকেই সমস্যাকে অসুস্থতা হিসেবে চিহ্নিত করতে পারেন না, আবার সামাজিক কুসংস্কার ও সংকোচের কারণে চিকিৎসা নিতেও আগ্রহী হন না।
মানসিক চাপের উৎসও বহুমাত্রিক। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নড়বড়ে হয়ে পড়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, চাকরি হারানোর ভয়, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের প্রতিযোগিতা এবং বিশ্রামের অভাব মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। একদিকে জীবিকা নির্বাহের সংগ্রাম, অন্যদিকে সামাজিক প্রত্যাশা পূরণের চাপ- সব মিলিয়ে মানুষ ক্রমেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক বন্ধন ও সামাজিক আচরণে। ছোটখাটো বিরোধ থেকে সংঘাত কিংবা সহিংসতার ঘটনাও তাই বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।
এই সংকট থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। লেখাপড়ার অতিরিক্ত চাপ, খেলাধুলার মাঠের অভাব, একাকিত্ব, পারিবারিক প্রত্যাশা এবং মুঠোফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। শৈশবের স্বাভাবিক আনন্দ ও সামাজিক মেলামেশার জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। ফলে, শিশুদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা ও আচরণগত সমস্যার ঝুঁকি বাড়ছে। বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, শৈশবের মানসিক সংকট যথাসময়ে চিহ্নিত ও মোকাবিলা করা না গেলে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ জীবনেও।
তবে, মানসিক চাপ মানেই অসুস্থতা নয়। স্বল্পমেয়াদি চাপ মানুষকে বিপদ মোকাবিলা ও দায়িত্ব পালনে প্রস্তুত করে। কিন্তু আর্থিক অনিশ্চয়তা, কর্মক্ষেত্রের চাপ কিংবা পারিবারিক দুশ্চিন্তা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন তা শরীর ও মনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে। তাই মানসিক চাপকে অবহেলা না করে এর কারণ চিহ্নিত করা এবং প্রয়োজন অনুসারে সহায়তা নেওয়া জরুরি।
এ পরিস্থিতি মোকাবিলায় মানসিক স্বাস্থ্যসেবাকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মনোরোগ বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কাউন্সেলর এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, গবেষণা এবং বাজেট বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং ব্যবস্থা চালু করা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ ও মানসিক বিশ্রামের সুযোগ নিশ্চিত করাও জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানসিক অসুস্থতাকে সামাজিক লজ্জা কিংবা দুর্বলতা হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাষ্ট্র- সব পর্যায়ে সহমর্মিতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, মানসিকভাবে বিপর্যস্ত মানুষকে অবহেলা নয়, প্রয়োজন সহযোগিতা ও চিকিৎসা। একটি সমাজের প্রকৃত অগ্রগতি শুধু অর্থনৈতিক সমৃদ্ধিতে নয়, মানুষের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনের নিশ্চয়তার মধ্যেও নিহিত। তাই বিপন্ন মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায়, নীরব এই সংকট একসময় গোটা সমাজের স্থিতিশীলতাকেই বিপন্ন করে তুলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








