রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ৮টার পর ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।
হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।
মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারীর ভাষ্য, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০-২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তাঁরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
তিনি আরও অভিযোগ করেন, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও বেশির ভাগ ভাঙচুরের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় তাঁদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে এবং ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার সম্ভাব্য কারণ হতে পারে বলেও মনে করছেন তিনি। তবে হামলার প্রকৃত কারণ ও কারা এতে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ভবনটির আশপাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








