বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি বৃহস্পতিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে রেজাউল করিমের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়া বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আলহামদু লিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।
বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে দু’টি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে।
১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব কটি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়া।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









