পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসার একমাত্র টিনশেড ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। টিনের চালের বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র থাকায় বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা। অন্যদিকে গরমের সময় টিনের ঘরে প্রচণ্ড তাপদাহে পাঠদান ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনো মাদ্রাসাটিতে নির্মিত হয়নি কোনো পাকা ভবন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে স্থানীয় এক দানশীল ব্যক্তির দেওয়া ১ একর ৫৬ শতাংশ জমিতে একটি ছোট টিনশেড ঘর নির্মাণের মধ্য দিয়ে মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসার যাত্রা শুরু হয়। শুরুতে প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, পাঁচজন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে।
প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও মাদ্রাসাটিতে নির্মিত হয়নি কোনো সরকারি পাকা ভবন। ফলে জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে একটি নতুন পাকা ভবনের অপেক্ষায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের দাবি, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত একটি পাকা ভবন নির্মাণ করা প্রয়োজন।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটির পরে প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পর সরকারি পাকা ভবন পেলেও এখনো সেই সুযোগ পায়নি মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা। তাঁদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে পাকা ভবন নির্মাণের তালিকায় প্রতিষ্ঠানটির নাম দ্বিতীয় অবস্থানে ছিল। এমনকি ভবন নির্মাণের জন্য একবার জায়গা পরিদর্শন এবং মাটির পরীক্ষা (সয়েল টেস্ট) করা হলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হয়নি।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, বর্ষা মৌসুমে টিনের চালের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি শ্রেণিকক্ষে পড়ে। এতে বই-খাতা ভিজে যায়। অন্যদিকে গরমের সময় টিনের ঘরে প্রচণ্ড তাপের কারণে ফ্যানের বাতাসেও স্বস্তি মেলে না। তাদের ভাষ্য, একটি পাকা ভবন নির্মাণ করা হলে সুন্দর পরিবেশে পড়াশোনা করা সম্ভব হবে।
মাদ্রাসার সহকারী মৌলভী আবদুল মালেক বলেন, ‘মাদ্রাসায় পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো বসার ব্যবস্থা করতে পারি না। পাকা ভবন না থাকায় অনেক শিক্ষার্থী অন্যত্র চলে গেছে। ভালো পরিবেশের আশায় তারা গলাচিপা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। একটি পাকা ভবন থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও ভালো হতো। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, মাদ্রাসাটিতে দ্রুত একটি পাকা ভবন নির্মাণের ব্যবস্থা করা হোক।’
গণিত বিভাগের শিক্ষক মো. মসিউর রহমান বলেন, ‘১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৪ সালে এমপিওভুক্ত হলেও আজ পর্যন্ত মাদ্রাসার ভবনের বেহাল দশা কাটেনি। একটি পাকা ভবনের জন্য অনেকবার আবেদন করেও আমরা কোনো সমাধান পাইনি। এখানে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী রয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত আমাদের মাদ্রাসায় একটি পাকা ভবন নির্মাণ করা হয়।’
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল খায়ের মো. আবদুল্লাহ বলেন, ‘প্রায় ২০ বছর ধরে মাদ্রাসার একটি পাকা ভবনের জন্য চেষ্টা করে আসছি। ভবন না থাকায় বর্ষাকালে ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয় না। বৃষ্টির পানিতে শিক্ষার্থীদের বইপত্র ভিজে যায়, এতে পড়াশোনায় বিঘ্ন ঘটে। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা একবার জায়গা পরিদর্শন করেন এবং মাটির পরীক্ষা (সয়েল টেস্ট) করে যান। কিন্তু এখন পর্যন্ত ভবন নির্মাণের কোনো অগ্রগতি নেই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দীর্ঘ ৪২ বছরেও একটি পাকা ভবন না পাওয়ায় মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে একটি পাকা ভবন নির্মাণ করবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








