বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকার বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নদীপাড়ের কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পিরোজপুর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুল হক বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পিরোজপুরে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার পর্যন্ত দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত পানি বাড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ পিরোজপুরে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি দল প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড়সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির ২০ নম্বর বুলেটিনে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যরাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় হিসেবেই শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্র থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশপাশের সাগর বেশ উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








