জামালপুরের পাথালিয়ায় নারী উদ্যোক্তা সুমি আক্তার ও তাঁর চার বছর বয়সী শিশুসন্তানের ওপর হামলা, ইভটিজিং এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আবু সাইম রফাতের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা ও তাঁর পরিবার।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জামালপুর মেডিকেল কলেজের সামনে নিজ প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন নারী উদ্যোক্তা সুমি আক্তার ও তাঁর স্বামী এস এম আবির হোসেন।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বাসা থেকে নিজ প্রতিষ্ঠানে আসার পথে পূর্বশত্রুতার জেরে প্রথমে তাঁকে গালিগালাজ করা হয়। পরে আবু সাইম রফাতের নেতৃত্বে তাঁর পরিবারের সদস্যরা মিলে তাঁকে ও তাঁর চার বছর বয়সী শিশুসন্তানকে মারধর করেন।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও বিভিন্ন সময়ে তাঁকে ইভটিজিং ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








