ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ক্যাসিনো খেলা-সংক্রান্ত ১০০টি সিমকার্ড ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল ভুল্লি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভুল্লি থানার শুকানপুকুর এলাকা থেকে শ্যামল রায় ও জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ক্যাসিনো খেলা-সংক্রান্ত ১০০টি সিমকার্ড ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেরা ক্যাসিনো খেলায় জড়িত থাকার পাশাপাশি অন্যদেরও এ খেলায় প্রভাবিত করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ধরনের খেলায় জড়িয়ে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এর ফলে বিভিন্ন অপরাধের ঘটনাও ঘটছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








